সংবাদ প্রকাশের জেরে সকালবেলা সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে রংপুরের পীরগাছায় সাংবাদিক হাবিবুর রহমানকে ফেসবুক মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান দৈনিক ‘সকালবেলা’ ও ‘তিস্তা সংবাদ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ তারিখে জনস্বার্থ বিবেচনায় “পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওইদিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে “সোহেল মাসুদ” নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক হাবিবুর রহমানের ব্যক্তিগত মেসেঞ্জারে যোগাযোগ করা হয়।
এ সময় সংবাদ প্রকাশের বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে “তুই কেন নিউজ প্রকাশ করছিস? তোকে দেখে নিব”—এই মর্মে হুমকি দেওয়া হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে সবসময় বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশ করে আসছি। সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি সরকার রবিউল আলম বিপ্লব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও অনিয়মের কথা তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার জানান, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য হুমকি দেওয়া মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। একজন সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।” স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। সাইবার প্রযুক্তির সহায়তায় আইডিটি শনাক্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|