ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শেখ রনদ সিমান্ত, রংপুর: লালমনিরহাটের পাটগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের এক ছোট সন্তান রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের হিলি এলাকার বাসিন্দা ও এনজিও কর্মী শরিফুল ইসলাম, তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার এবং তাঁদের ছোট সন্তান সোহান। শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শরিফুল। পথিমধ্যে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফুল, তাঁর স্ত্রী ও ছোট সন্তান সোহান নিহত হন।
এই ঘটনায় তাঁদের বড় সন্তান গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ