বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরের দায়িত্ব গ্রহণ

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকিরের দায়িত্ব গ্রহণ

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এর আগে গত ১৫ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বগুড়ার রাজনীতিতে এক পরিচিত মুখ। তিনি সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা বিএনপির চারবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে বগুড়া-১ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে সাংগঠনিক আনুগত্যের পরিচয় দেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক আহসানুল তৈয়ব জাকির বলেন, “বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এলাকা হওয়া সত্ত্বেও গত ১৭ বছর চরম বৈষম্যের শিকার হয়েছে। এই হলরুমের জরাজীর্ণ অবস্থা দেখলেই বোঝা যায় এখানে কোনো উন্নয়ন হয়নি। এখন সুযোগ এসেছে উন্নয়নবঞ্চিত বগুড়াকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপান্তর করার। সবার পরামর্শ ও সহযোগিতায় আমরা অবহেলার অবসান ঘটিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করব।”

মন্তব্য করুন