যানজটহীন মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা: স্বাভাবিক গতিতে ঘরে ফিরছে মানুষ

যানজটহীন মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা: স্বাভাবিক গতিতে ঘরে ফিরছে মানুষ

জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া): পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনের টানে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে হাজারো মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও আশঙ্কার বিপরীতে কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতির সৃষ্টি হয়নি। 

স্বাভাবিক গতিতেই দূরপাল্লার বাস ও ছোট যানবাহন চলাচল করায় এবারের ঈদযাত্রায় যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে মহাসড়কের বগুড়া শহরের বনানী এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা পর্যন্ত 

বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। কয়েক বছর আগেও যেখানে মোকামতলা, চন্ডিহারা ও মহাস্থান বন্দর এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো, এবার সেখানে ভোগান্তির কোনো দৃশ্য নেই বললেই চলে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহাসড়ক চার লেনে উন্নীত হওয়া, বিভিন্ন স্থানে ওভারপাস নির্মাণ এবং জেলা পুলিশ ও প্রশাসনের সমন্বিত তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মোকামতলা বন্দরে কথা হয় ঢাকা থেকে ফেরা যাত্রী মাসুম বিল্লাহর সঙ্গে। 

তিনি জানান, সাধারণত ঢাকা থেকে মোকামতলা ফিরতে ৫-৬ ঘণ্টা সময় লাগলেও এবার কোনো যানজট না থাকায় মাত্র সাড়ে ৪ ঘণ্টায় পৌঁছেছেন। পরিবহন চালক ও সুপারভাইজাররাও মহাসড়কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। বিসমিল্লাহ পরিবহনের চালক রবিউল ইসলাম জানান, এখন পর্যন্ত কোথাও বড় কোনো যানজট চোখে পড়েনি, যা এবারের ঈদযাত্রায় বড় স্বস্তির কারণ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ব্যাপক তৎপর রয়েছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, পুলিশ সুপারের নির্দেশে যানজট নিরসন ও অবৈধ যান চলাচল বন্ধে তাঁরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। 

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজার রহমান জানান, যানজট এড়াতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং দুর্ঘটনা ঘটলে দ্রুত সেবা দিতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী এই গুরুত্বপূর্ণ মহাসড়কে স্বস্তির পরিবেশ বিরাজ করায় খুশি ঘরমুখী মানুষ।

মন্তব্য করুন