রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে জাপানি প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।
মতবিনিময়কালে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন কর্মসংস্থান খাতে সুযোগ প্রদান, আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন এবং তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো শহরের 'সিস্টার সিটি' সম্পর্ক স্থাপনের বিষয়েও যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করা হয়।
বৈঠকে রাসিক প্রশাসক জানান, সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিদ্যমান আইন অনুসরণ করে জাপানের সঙ্গে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
জাপানি প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের সিইও কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|