উল্লাপাড়ায় হাসপাতালের খাবারে অনিয়মের অভিযোগ
জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাকালীন খাবারে চরম অনিয়ম ও অনৈতিক বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি সুনির্দিষ্ট ডায়েট চার্ট তোয়াক্কা না করে নিম্নমানের ও নির্ধারিত পরিমাণের চেয়ে বহু গুণ কম খাবার পরিবেশন করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে তদন্তে গিয়ে জানা যায়, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিজন রোগীর জন্য ২৩২ গ্রাম সোনালী বা দেশি মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও বাস্তবে সরবরাহ করা হচ্ছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম ব্রয়লার মুরগির মাংস। শুধু তা-ই নয়, হাসপাতাল ডায়েট রেজিস্টার অনুযায়ী ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন হলেও রান্না চড়ানো হচ্ছে ৪৯ জনের। এতে করে একজন রোগীর জন্য বরাদ্দকৃত ক্ষুদ্র অংশটি ভাগ হয়ে যাচ্ছে অতিরিক্ত কয়েকজনের মধ্যে।
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ভুক্তভোগী রোগী ক্ষোভ প্রকাশ করে জানান, পরিবেশন করা খাবার একেবারেই খাওয়ার অনুপযোগী। মাংসের নামে দেওয়া হয় শুধু এক টুকরো হাড় কিংবা যসামান্য অংশ। এতে সুস্থ হওয়ার বদলে রোগীরা পুষ্টিহীনতায় আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুল মজিদ জানান, "অফিস থেকে আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়, আমি ঠিক সেভাবেই মাংস কেটে রান্না করি। এতে আমার নিজস্ব কোনো হাত নেই, আমি কেবল আদেশ পালন করছি।"
এ বিষয়ে বক্তব্যের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের একাধিক চেষ্টা চালানো হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
অনিয়মের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন বলেন, "হাসপাতালের ডায়েট তদারকির নির্দিষ্ট কমিটি রয়েছে। খাবার সংক্রান্ত নানা অভিযোগের ভিত্তিতে ঠিকাদারকে পূর্বেও একাধিকবার লিখিত শোকজ করা হয়েছে। কিন্তু তিনি তাঁর আচরণে কোনো পরিবর্তন আনেননি।"
রোগীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে সরকারি বরাদ্দের অপব্যবহার নিয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনি শাস্তি ও সরকারি বরাদ্দের শতভাগ সুষম বণ্টন নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা।
এআইএল/সকালবেলা