পরশুরামে অ্যাম্বুলেন্সে ভারতীয় মদসহ আটক ২

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ণ
পরশুরামে অ্যাম্বুলেন্সে ভারতীয় মদসহ আটক ২

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরামে পাচারকালে ১২ কার্টনভর্তি ১১৭ বোতল ভারতীয় মদসহ একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। জব্দকৃত অ্যাম্বুলেন্সটি পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মাহবুবের মালিকানাধীন ‘পরশুরাম ক্লিনিক’-এর বলে জানা গেছে। এ সময় চালকসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সে করে ১২ কার্টন ভারতীয় মদ ফেনী শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম থানা পুলিশের একটি চৌকস দল ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রিজের ওপর অবস্থান নেয়। অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত দুই মাদককারবারি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে তাদের থানা থেকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট জোর তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, পরশুরাম একটি সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় দীর্ঘ দিন ধরে এখানে একটি শক্তিশালী মাদক চোরাকারবারি চক্র গড়ে উঠেছে। এই চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাইক্রোবাস, হাইয়েস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা এবং জরুরি সেবার অ্যাম্বুলেন্স ব্যবহার করে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "১২ কার্টন থেকে মোট ১১৭ বোতল foreign মদ উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্স জব্দসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন