নীলফামারীতে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
নীলফামারীতে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় দেশীয় প্রজাতির ছোট মাছের উৎপাদন বাড়াতে এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল রবিবার (২১ জুন) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার ৪টি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ।

উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম। ভ্রাম্যমাণ আদালতটি উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শুটিপাড়ার হাজির মোড় সংলগ্ন জলাশয়, ইটাখোলা ইউনিয়নের সিংদই সাইফুনের পাশে বুড়িখোড়া নদী এবং চাপড়া ইউনিয়নের যাদুরহাটের অভয়াশ্রম সংলগ্ন চাড়ালকাটা নদী ও ঘাটেরপাড় ব্রিজের পাশে অভিযান চালায়।

৫ ঘণ্টাব্যাপী এই সাঁড়াশি অভিযানে মৎস্য আইন অমান্য করে পেতে রাখা প্রায় ৩ লক্ষ টাকা বাজারমূল্যের ৪৫ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ১ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ক্ষতিকর ও অবৈধ জালগুলো দুটি পৃথক স্থানে স্থানীয় সাধারণ জনগণ, পুলিশ প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এই বিষয়ে মাছ শিকারি ও সুফলভোগী সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন