সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল কোর্ট চত্বরে 'নড়াইল প্রেসক্লাব'-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলু, সাংবাদিক আল-আমিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ এবং তানজির হোসেনসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর সংঘটিত এই সহিংস হামলার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, মাঠপর্যায়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
এআইএল/সকালবেলা
|