কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) ভোর ৪টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী শিশু রাব্বি মারা যায়। এ নিয়ে জেলায় হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
নিহত শিশু রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ জানান, গত ৯ মে নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে হামের উপসর্গ দেখা দেয় এবং আজ ভোরে সে মারা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কুমিল্লায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে: সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ২৭ জন এবং নিশ্চিত রোগী ২ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৭ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১০২ জনের দেহে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাম উপসর্গে এ পর্যন্ত মারা যাওয়া সাত শিশুর বেশিরভাগই আগে থেকে নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সুস্থদের বাড়ি ফেরার হারও (গত ২৪ ঘণ্টায় ২৯ জন) সন্তোষজনক বলে জানানো হয়েছে।