রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে প্রধান শিক্ষিকার মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরে কর্মস্থলে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত শতাব্দী চাকমা (৫০) নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন শতাব্দী চাকমা। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় তিনি সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশের একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন তিনি।
তখন কাঁচা বাঁশটি অসাবধানতাবশত গাছের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও তাঁর সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তাঁর হাতে হালকা পোড়া দাগ পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিক্ষিকার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এই গুণী শিক্ষকের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|