বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার

মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় মো. শামীম ব্যাপারী (৩৮) নামে এক ডাল-চাল ব্যবসায়ীর মাথাবিহীন ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গৌরীচন্না গ্রামের একটি খালের ভেতর কচুরিপানার নিচ থেকে এই বীভৎস মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীম ব্যাপারী ওই গ্রামের মোনসের আলী ব্যাপারীর ছেলে। তিনি গতকাল রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রবিবার রাতে শামীম ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ সোমবার সকালে বাড়ির পাশের খালের পাড়ে তাজা রক্তের দাগ দেখে স্বজনদের মনে সন্দেহ জাগে। পরে স্থানীয়দের সহায়তায় খালে অনুসন্ধান চালিয়ে কচুরিপানার নিচে শামীমের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে বরগুনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মোনসের আলী ব্যাপারী ও স্ত্রীর দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শামীমকে অপহরণের পর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালের ভেতর থেকে শামীমের মাথাবিহীন নিথর দেহ উদ্ধার করে। মরদেহের পেটেও ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মাথাটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা ধরে খালে তল্লাশি চালালেও বিকেল পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি।”

পুলিশ আরও জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্লুলেস এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, বিচ্ছিন্ন মাথা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এআইএল/সকালবেলা