ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে উপকারভোগী নারীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি এই খাদ্য সহায়তা সংগ্রহের জন্য শত শত অসহায় ও নিম্ন আয়ের মানুষ ভিড় জমান। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও চাল পাওয়ার আশায় ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।
উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে এই ১০ কেজি চাল তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। লাইনে দাঁড়িয়ে থাকা রহিমা বেগম জানান, সকাল থেকেই তিনি লাইনে আছেন। অনেক কষ্ট হলেও এই চাল ঈদের সময় পরিবারের অভাব মেটাতে সাহায্য করবে। দিনমজুর আব্দুল করিম জানান, কাজ না থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে, তাই সরকারের এই সহায়তা তাদের অনেক উপকারে আসছে। তবে ভিড় কমানোর জন্য আরও সুশৃঙ্খল ব্যবস্থার দাবি জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৪৮ হাজার ৩৯৭টি কার্ডের বিপরীতে ৪৮৩.৯৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পীরগাছা সদর ইউনিয়নেই বরাদ্দ রয়েছে ৭ হাজার ৯৮টি কার্ড। এই কর্মসূচির আওতায় প্রতিটি দুস্থ ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই এবং সকল প্রকৃত উপকারভোগী যেন চাল পান সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। উপকারভোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় কিছুটা ভিড় হচ্ছে উল্লেখ করে তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ