গোপালগঞ্জে নিহত ভ্যানচালকের পাশে জেলা পরিষদ প্রশাসক

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে নিহত ভ্যানচালকের পাশে জেলা পরিষদ প্রশাসক

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় দোলা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই নিহত আইয়ুবের নিজ গ্রাম গোপীনাথপুরে ছুটে যান গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান।

পরিদর্শনে গিয়ে জেলা পরিষদের প্রশাসক নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শককে (ইনচার্জ) দুর্ঘটনার বিষয়ে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন। নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে।

গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইয়ুব খাঁ প্রাণ হারান এবং ভ্যানে থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ইনচার্জ আরও বলেন, “জেলা পরিষদের প্রশাসক মহোদয় এই বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। আশা করছি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হব।”

এআইএল/সকালবেলা