ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : সেই আলোচিত মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : সেই আলোচিত মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার মদনে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার (৬ মে ২০২৬) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। তাকে মদন থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছহাট গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা মাদরাসার পরিচালক।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। গত বছরের ২ নভেম্বর বিকেলে মাদরাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে আটকে রাখেন। সবাই চলে যাওয়ার পর ভয়ভীতি দেখিয়ে নিজ কক্ষে তাকে ধর্ষণ করেন।

শিশুটির মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি বাড়িতে ফিরে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি সব খুলে বলে। ডাক্তারি পরীক্ষায় জানা যায়, শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই মর্মান্তিক ঘটনার বিচার চেয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর শিশুটির ডাক্তারি পরীক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর এতদিন পলাতক ছিলেন এবং গতকালও ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, র‍্যাবের জালে ধরা পড়তে হলো তাকে।

জান্নাত/সকালবেলা