জ্বালানিসংকটে বাড়ছে সৌর সেচ পাম্পের চাহিদা
বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে কৃষি খাতে। ঠাকুরগাঁওয়ে ডিজেল ও বিদ্যুতের সংকটে বিপাকে পড়া কৃষকরা এখন বিকল্প হিসেবে সৌরচালিত সেচ পাম্পের দিকে ঝুঁকছেন। এই প্রযুক্তিতে সেচ খরচ প্রায় অর্ধেক কমে আসায় জেলায় বোরো চাষে এক নতুন বিপ্লব শুরু হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৬২ হাজার ২৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। এর মধ্যে ২৯১টি সোলার পাম্প দিয়ে ২ হাজার ৫ হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে। এতে ৩৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন।
জ্বালানি সাশ্রয়: এক মৌসুমে প্রায় সাড়ে ৪ লাখ লিটার ডিজেল ও বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
আর্থিক সাশ্রয়: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের ফলে মৌসুমে কৃষকদের প্রায় সাড়ে ৫ কোটি টাকা বেঁচে যাচ্ছে।
খরচের তুলনা: ডিজেলচালিত পাম্পে বিঘা প্রতি সেচ খরচ ৫-৬ হাজার টাকা হলেও সৌর পাম্পে তা মাত্র ২.৫-৩ হাজার টাকায় নেমে এসেছে।
সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মো. সলেমান আলী এই প্রযুক্তি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ১৯৯৬ সাল থেকে সৌর শক্তি নিয়ে কাজ করা সলেমান ২০১৪ সালে ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প তৈরি করেন। বর্তমানে তাঁর তৈরি ২৬টি পাম্প দিয়ে প্রায় ৫০০ কৃষক স্বল্পমূল্যে সেচ সুবিধা পাচ্ছেন। তাঁর এই উদ্যোগ দেখতে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ে ভিড় করছেন।
বালিয়াডাঙ্গী এলাকার কৃষক জাহিদ মিলু এবং ভেলাজানের আব্দুস সোবহান জানান, লোডশেডিং এবং ডিজেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে তাঁদের মুক্তি দিয়েছে এই সৌর প্যানেল। খরচ কম হওয়ায় ফসলের নিট মুনাফাও বাড়ছে।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, “সৌর শক্তিনির্ভর সেচ পাম্প কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে। এটি একদিকে খরচ কমাচ্ছে, অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। কৃষি বিভাগ এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে।”
জ্বালানি নির্ভরশীলতা কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারি পর্যায়ে সহজ শর্তে ও স্বল্পমূল্যে সৌর পাম্প সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
জান্নাত/সকালবেলা