ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে বুধবার (৬ মে ২০২৬) ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁর লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যার কারণে সৃষ্ট এই যানজট প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজে কারিগরি সমস্যার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোর থেকেই গজারিয়া অংশে যানবাহনের সারি দীর্ঘ হতে শুরু করে। সকাল গড়াতেই ঢাকামুখী সড়কে যানজট ভবেরচর ছাড়িয়ে মেঘনা ব্রিজ পর্যন্ত বিস্তৃত হয়। এতে বিশেষ করে অফিসগামী যাত্রী, অসুস্থ রোগী এবং দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, স্থবির হয়ে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। ট্রাকচালক মমিন মিয়া বলেন, “ভোর থেকে আটকে আছি। সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে মালিককে জবাব দিতে হবে, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।” বাসের যাত্রীরা অভিযোগ করেছেন, ঘণ্টার পর ঘণ্টা গরমে বাসে বসে থেকে তারা অসুস্থ বোধ করছেন। উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করায় কিছু জায়গায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণেই এই যানজটের সূত্রপাত। তিনি বলেন, “হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিশেষ করে উল্টো পথে যাতে কোনো গাড়ি ঢুকে যানজট আরও না বাড়ায়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।”
ব্রিজের সংস্কার কাজ দ্রুত শেষ হলে এবং যান চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
জান্নাত/সকালবেলা