ঋণ আতঙ্কে কৃষক, বাড়ি ছাড়ার চিন্তা
এক মাসের দীর্ঘ বৃষ্টির পর হাওরের আকাশে রোদের দেখা মিললেও সুনামগঞ্জের কৃষকদের মনে নেই কোনো স্বস্তি। বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর এখন ঋণের বোঝা পাহাড়সম হয়ে চেপে বসেছে তাঁদের ওপর। বিশেষ করে যারা বর্গা চাষি এবং বেশি জমি চাষ করেছিলেন, পাওনাদার ও কিস্তির চাপে তাঁদের অনেকে এখন এলাকা ছেড়ে পালানোর কথা ভাবছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর পাড়ের হাছনপছন্দ গ্রামের কৃষক ইনচান আলী এবার আট একর জমিতে চাষাবাদ করেছিলেন। চিকিৎসা এবং চাষবাসের খরচ মেটাতে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু শিয়ালমারা হাওরে তাঁর সব জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় এক ছটাক ধানও ঘরে তুলতে পারেননি। পাওনাদারদের তগাদা সইতে না পেরে এখন ১৭ বছরের ছেলেকে সাথে নিয়ে চট্টগ্রাম বা কক্সবাজারে গিয়ে শ্রমিকের কাজ করার পরিকল্পনা করছেন তিনি। এমনকি অভাবের তাড়নায় সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে।
একই অবস্থা গুয়ারছুড়া গ্রামের কৃষক সাহেব আলীর। সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করে অর্ধেক ধানও পাননি তিনি। দুশ্চিন্তায় গত বুধবার ধান শুকানোর মাঠেই জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই চরম সংকটের সময়েও এনজিওর কর্মীরা কিস্তির জন্য বাড়িতে বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছেন। ফসলহানির কথা বললেও কিস্তি মাফ বা স্থগিত করার কোনো আশ্বাস মিলছে না।
হাওরের কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা জানান, যারা নিচু এলাকায় জমি চাষ করেছিলেন, তাঁদের অবস্থা সবচেয়ে শোচনীয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। এ পর্যন্ত ৯৮ হাজার কৃষকের তালিকা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সরকার তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তবে এই সহায়তা পৌঁছানোর আগেই ঋণের দায়ে ভিটেমাটি ছাড়ার আতঙ্কে দিন কাটছে হাওরপাড়ের শত শত কৃষকের।
জান্নাত/সকালবেলা