ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার মালগ্রাম এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরুর মাংস দেওয়ার নাম করে সঞ্চয় সংগ্রহ করে প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন একটি সমবায় সমিতির তিন পরিচালক। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নির্ধারিত সময়ে মাংস নিতে এসে সদস্যরা জানতে পারেন যে, সমিতির পরিচালকরা আত্মগোপনে চলে গেছেন। এই ঘটনায় ভুক্তভোগী প্রায় ১ হাজার ২০০ পরিবারের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মালগ্রাম নতুনপাড়া এলাকায় আব্দুল হাকিম, আকরাম ও শাহিন নামে তিন ব্যক্তি 'ফোর স্টার বিজনেস সমবায় সমিতি' নামে একটি সঞ্চয় কার্যক্রম চালু করেন। অভিযুক্তদের মধ্যে আব্দুল হাকিম জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি পদে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঈদ উপলক্ষে গরুর মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই সমিতির মাধ্যমে কয়েক মাস ধরে সঞ্চয় সংগ্রহ করা হতো। মালগ্রামের কয়েকটি পাড়া মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ জন সাধারণ মানুষ এই সমিতির সদস্য হন। প্রতিটি সঞ্চয় কার্ডের বিপরীতে ৫ হাজার টাকা জমার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সদস্যদের দাবি অনুযায়ী, সব মিলিয়ে সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ৭৭ লাখ টাকা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, গত রবিবার সদস্যদের মাঝে মাংস বিতরণের কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরবর্তীতে মঙ্গলবারকে চূড়ান্ত দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে সদস্যরা নির্দিষ্ট স্থানে এসে জানতে পারেন যে, সমিতির তিন পরিচালকই পাওনা টাকা ও সঞ্চয় নিয়ে লাপাত্তা হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও কান্নার রোল পড়ে যায়। ভুক্তভোগী বাবলী আক্তার নামে এক কীটনাশক কারখানার কর্মী জানান, নিজের জমানো টাকার পাশাপাশি কারখানার আরও ৪৪ জন কর্মীর টাকা তাঁর মাধ্যমে এই সমিতিতে রাখা হয়েছিল। এখন তিনি চরম বিপদে পড়েছেন। চাপড়পাড়ার বাসিন্দা পারুল জানান, তাঁদের পাড়ার প্রায় ৭৫০ জন মানুষ ভালোমতো ঈদ করার আশায় এই সঞ্চয় করেছিলেন, কিন্তু এখন সবাই দিশেহারা। অভিযুক্ত পরিচালকদের খুঁজে না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা এখন আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ডব্লিউ.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ