সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মারা যাওয়া দুই শিশু হলো—সিলেট নগরীর কাজলশাহ এলাকার ইকবাল আহমদের ৭ মাস বয়সী কন্যা ইকরা জান্নাত এবং কোম্পানীগঞ্জের শাকিল আহমদের ১০ মাস বয়সী পুত্র মারওয়ান আহমদ। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ও রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট ৪২ জন সুনামগঞ্জ ৭৩ জন হবিগঞ্জ ১৬ জন (২ জন রুবেলাসহ) মৌলভীবাজার ১৬ জন
বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ২৮৯ জন সন্দেহভাজন রোগীর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে সিলেটে হামের উপসর্গে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জান্নাত/সকালবেলা