বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গীতা রানী দাস (৫৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৯ মার্চ ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী দাস ওই এলাকার বাসিন্দা। গত বুধবার (৪ মার্চ) সন্ধ্যার পর থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন বৃহস্পতিবার (৫ মার্চ) বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তাঁর ভাতিজা শোভন দাস। পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে স্থানীয় এক নারী ওই পরিত্যক্ত ডোবায় শাক তুলতে যান। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের একমাত্র ছেলে দূর্জয় দাস জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণে তিনি প্রায়ই অসাবধানতাবশত বাড়ির আশপাশের পুকুর বা হাউজে পড়ে যেতেন। গত বুধবার থেকে তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় ছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:

"পরিবারের দেওয়া তথ্যমতে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন