ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে চলন্ত গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে চুনারুঘাট এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘হবিগঞ্জ এগ্রো লিমিটেড’-এর একটি মালবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, ছাত্রদল নেতা শাকিল ফারহানের নেতৃত্বে একদল যুবক এই ছিনতাইয়ে সরাসরি অংশ নেয়। এই ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ছাত্রদলের হাইকমান্ডের নজরে আসে। রোববার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিল ফারহানকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
বহিষ্কারাদেশের পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ