ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা: জড়িত জাহাঙ্গীরের পরিচয় শনাক্ত

ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা: জড়িত জাহাঙ্গীরের পরিচয় শনাক্ত

তিমির বনিক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে ফিল্মি কায়দায় প্রাইভেটকারে তুলে অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত মূল অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তের নাম জাহাঙ্গীর, যার বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

গত রবিবার (৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ওত পেতে থাকা একটি প্রাইভেটকার তাঁর গতিরোধ করে এবং তাঁকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরের বাবার নাম লাল মিয়া। তাদের বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে আগে থেকেই চুরি ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় সে জনগণের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছিল।

এই ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রকাশ্যে এমন অপহরণের চেষ্টার ঘটনায় এলাকায় কর্মজীবী নারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা সোচ্চার হয়েছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন:

"ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় শনাক্ত হয়েছে। জাহাঙ্গীরসহ এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।"

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও অপরাধী এখনো ধরা না পড়ায় এলাকায় উদ্বেগ কাটছে না।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন