ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহীর মহিষবাথান এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে ইসরাফিল হক নামে এক সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইসরাফিল হক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কর্মকর্তা ইসরাফিল হক জানান, প্রায় দুই মাস আগে নগরের মহিষবাথান এলাকায় নিজের জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তিনি। কাজ শুরুর পর থেকেই স্থানীয় মারুফ হোসেন ও মিমসহ একটি চক্র বিভিন্ন অজুহাতে তাঁর কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। কখনো বালু-পাথর সরবরাহ, কখনো রাস্তা ব্যবহার বা বাড়ির পাশে জায়গা রাখার কথা বলে তাঁকে চাপ দেওয়া হতো।
ভুক্তভোগী কর্মকর্তা সাংবাদিকদের বলেন:
"আমি বাড়ি নির্মাণের কাজ তদারকির জন্য ছুটি নিয়ে রাজশাহীতে এসেছি। রোববার ইফতারের আগে প্রায় ২৫ জনের একটি দল আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি একজন সরকারি কর্মকর্তা হয়েও আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার চাই।"
হামলায় ইসরাফিল হকের বাঁ হাতের কবজিতে গুরুতর জখম হয়েছে। রোববার সন্ধ্যায় হামলার পর তাঁকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের উপস্থিতিতে তিনি ঘটনার বর্ণনা দেন।
এ ঘটনায় ইসরাফিল হকের স্ত্রী বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৫-৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান আসামিরা হলেন— মারুফ হোসেন, মিম, তৌকির, নাহিদ, মাহিন এবং ইঞ্জিনিয়ার নাবিল ওরফে রিপন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, বাড়ি নির্মাণের পাশে জায়গা ছাড়া নিয়ে বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। ঘটনার দিন বিকেলেও পুলিশ সেখানে গিয়েছিল, তবে পুলিশ চলে আসার পরই এই হামলার ঘটনা ঘটে। তিনি আরও জানান, চাঁদা দাবির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ