ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজি দরের) ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে জনৈক জুবায়ের নামের এক ব্যক্তির বাড়িতে মজুদ করা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জুবায়েরের বাড়ি থেকে ৩০ কেজি ওজনের মোট ১৪ বস্তা (৪২০ কেজি) চাল উদ্ধার করা হয়।

জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা। অভিযানকালে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন:

“দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল নিয়ে যেকোনো ধরনের অনিয়ম বা কালোবাজারি দণ্ডনীয় অপরাধ। সরকারের এই মহতী কর্মসূচির অপব্যবহার রোধে আমাদের কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত চাল বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। ইউএনও আরও নিশ্চিত করেছেন যে, আগামী সোমবার (১৬ মার্চ) এই চালগুলো স্থানীয় প্রকৃত দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন