আ: লীগ নেতার বিষে বিএনপি নেতার অর্ধকোটি টাকার মাছ শেষ

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
আ: লীগ নেতার বিষে বিএনপি নেতার অর্ধকোটি টাকার মাছ শেষ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে প্রায় অর্ধকোটি টাকার চাষ করা মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লিজ নেওয়া প্রজেক্টে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, বিএনপি নেতা আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়ন থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লিজ নিয়ে প্রজেক্টের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এর আগে আওয়ামী লীগ নেতা আশরাফ আলী খাঁ ও আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী ওই প্রকল্পের অংশীদার (শেয়ারদার) ছিলেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যান।

সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে এসে ওই মৎস্য চাষ প্রকল্প জোরপূর্বক দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এই বিরোধের জেরে শুক্রবার ভোরে রাতের অন্ধকারে ওই প্রকল্পের পানিতে বিষ ঢেলে দেওয়া হয়। সকালে প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানি রুই, কালবাউশ ও গ্রাসকার্পসহ বিভিন্ন প্রজাতির সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান দাবি করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, "এটি একটি অত্যন্ত অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এআইএল/সকালবেলা