প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
আবু কাওসার মাখন (রাজশাহী ব্যুরো): প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ২০ অক্টোবর রাজশাহী সফর উপলক্ষে পদ্মাপাড়ের ঐতিহাসিক নগরজুড়ে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল জনসভার মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রূপচর্চার কাজ।
সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। পরিদর্শনকালে তিনি বিশালাকার মঞ্চ নির্মাণ, প্যান্ডেল প্রস্তুতকরণ এবং জনসভাস্থলের সার্বিক নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মো. ওয়ালিউল হক রানা, মোহাম্মদ মার্শালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে ট্রাফিক শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। ফুটপাত ও সড়কের অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি পুরো মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা। ২০ অক্টোবরের এই মহাসমাবেশকে ঘিরে রাজশাহীজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
এআইএল/সকালবেলা