ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত
ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া হাফেজিয়া রাস্তার মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে নুরুল আলম এবং তার ছেলে মোহাম্মদ নিরব (২৫)। নুরুল আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এই ঘটনায় নুরুল আলমের ভাগিনা আফজাল মিঠু গুরুতর আহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, নুরুল আলম তার ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে ফেনী শহরের দিকে ফিরছিলেন। পথে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরুল আলমের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ছেলে নিরবও মারা যান। গুরুতর আহত আফজাল মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।