নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নড়াইল-২ আসনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় নড়াইলের মাইজপাড়া কলেজ মাঠে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

বিতরণকালে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, "সরকারের এই ধরণের মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জননেতা তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।"

জানা গেছে, নড়াইল-২ সংসদীয় আসনের মোট ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লক্ষ টাকা সমভাবে বণ্টন করা হচ্ছে। নগদ অর্থের পাশাপাশি প্রায় ৭০০ পিস শাড়ি অসহায় ও দুস্থ নারীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবীর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফুরা খাতুন বেলীসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এই ত্রাণ সহায়তা বিতরণের মধ্য দিয়ে এলাকার নিম্নবিত্ত পরিবারগুলোতে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এস.এস/সকালবেলা

মন্তব্য করুন