সলঙ্গায় ঘরে ঢুকে হামলা : ‘ফরিদ বাহিনীর’ বিরুদ্ধে মামলা

সলঙ্গায় ঘরে ঢুকে হামলা : ‘ফরিদ বাহিনীর’ বিরুদ্ধে মামলা

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ঘরে ঢুকে নামাজরত অবস্থায় এক নারীকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ‘ফরিদ বাহিনী’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ফারজানা সিদ্দিকা বাদী হয়ে সলঙ্গা থানায় এই মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাতে সলঙ্গা থানার বড়গোঁজা স্বর্ণকার পাড়ায় বাবার বাড়িতে তারাবির নামাজ পড়ছিলেন ফারজানা সিদ্দিকা। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ফরিদ মেম্বার ও তার সশস্ত্র বাহিনী পরিকল্পিতভাবে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ফরিদের হুকুমে সন্ত্রাসীরা নামাজরত ফারজানাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা জোরপূর্বক ফারজানার গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ৬ আনি ওজনের কানের দুল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ফরিদের সহযোগী নূরনবী সিকদার, কাবলু মিয়া ও সোহান হোসেনসহ অন্যরা দেশি অস্ত্রের ভয় দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ফরিদ এক সময় ভুটভুটি চালাতেন। পরবর্তীতে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তিনি এলাকায় চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ থাকলেও কেউ ভয়ে মুখ খুলতে সাহস পান না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা অভিযোগ করেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি পদের একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ফরিদ এসব অপকর্ম করছেন। থানায় অভিযোগ হলেও ওই নেতার সুপারিশে ফরিদ বারবার পার পেয়ে যান বলে দাবি এলাকাবাসীর।

মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা ফরিদ মেম্বার এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সলঙ্গার সাধারণ মানুষ। তারা প্রশাসনের কাছে এই ‘সন্ত্রাসী বাহিনী’র কবল থেকে মুক্তির আকুতি জানিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন