রাঙামাটিতে চাঁদা দাবিতে উন্নয়নকাজ বন্ধ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
রাঙামাটিতে চাঁদা দাবিতে উন্নয়নকাজ বন্ধ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: রাঙামাটির কাউখালীতে সরকারি উন্নয়ন প্রকল্পে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে নির্মাণকাজ বন্ধ, হামলা ও শ্রমিক-কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কাউখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সরকারি উন্নয়নকাজে নির্মাণসামগ্রী সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কাউখালী ৪ নম্বর কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। তিনি অভিযোগ করেন, মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে মালামাল সরবরাহকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি গোষ্ঠী তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি পরিচয়ধারী জাহাঙ্গীর নামের এক ব্যক্তি কাজ বন্ধ ও হত্যার হুমকি দেন।

পরবর্তীতে উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। হামলায় আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যার মধ্যে গুরুতর আহত একজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, বহিরাগত কোনো ঠিকাদারকে এলাকায় কাজ করতে হলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে ‘সমন্বয়’ করার আলটিমেটামও দেওয়া হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের সুরক্ষা ও স্বচ্ছতার স্বার্থে এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং স্থগিত কাজ দ্রুত চালুর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।

এ সময় সংবাদ সম্মেলনে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, কাউখালী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক আরমান এবং ছাত্রনেতা মেহেরাজ সরকার রাজু উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন