বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতির মুখে চা বাগানগুলো

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতির মুখে চা বাগানগুলো

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চা বাগানগুলোতে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে কাঁচা চা পাতা ট্রাফ হাউজে প্রক্রিয়াজাত করতে না পেরে চরম ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। বাগান কর্তৃপক্ষের দাবি, অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেলার প্রতিটি বাগানে দৈনিক ২ থেকে ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

জেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলেও বাকি ৯ ঘণ্টা কারখানার কাজ সচল রাখতে জেনারেটর চালাতে হচ্ছে। এতে চা উৎপাদনের ভরা মৌসুমে মৌলভীবাজারের ৯৩টি চা বাগানে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার একাধিক চা বাগান ঘুরে দেখা যায়, ট্রাফ হাউজে দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছে কাঁচা পাতা। সময়মতো ওয়েদারিং বা প্রক্রিয়াজাত না করায় প্রতিদিন হাজার হাজার কেজি নষ্ট হওয়া পাতা ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা।

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের কারখানার করণিক মো. জামাল উদ্দিন ও কর্মী রামগোপাল গৌড় জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে কারখানার যন্ত্রপাতির ক্ষতি হওয়ার পাশাপাশি প্রতিদিন ৮-৯ ঘণ্টার লোডশেডিং মোকাবিলায় ১০০ থেকে ২০০ লিটার অতিরিক্ত ডিজেল খরচ হচ্ছে। রাজনগরের করিমপুর চা বাগানের ব্যবস্থাপক ইফতেখার আহমদ বলেন, চা একটি স্পর্শকাতর পণ্য। যথাসময়ে প্রক্রিয়াজাত করতে না পারলে চা পাতার গুণগত মান রক্ষা করা কঠিন হয়ে পড়ে এবং উৎপাদন খরচও বহুগুণ বেড়ে যায়।

একই সমস্যার কথা জানিয়ে ন্যাশন্যাল টি কোম্পানির ডিজিএম মো. রফিকুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে প্রতিনিয়ত চা পাতার গুণগত মান নষ্ট হচ্ছে এবং তাদের সার্বিক উৎপাদনে বড় ধরনের ধাক্কা লাগছে।

এ প্রসঙ্গে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় আপাতত এই বিভ্রাট ঘটছে। তবে দ্রুতই সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এআইএল/সকালবেলা