হুইপের উদ্যোগে খুলনায় নামতে পারে ইলেকট্রিক বাস

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
হুইপের উদ্যোগে খুলনায় নামতে পারে ইলেকট্রিক বাস

সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: দীর্ঘদিনের চরম গণপরিবহন সংকট ও যানজট নিরসনে খুলনাবাসীর জন্য আসছে বড় সুখবর। বিভাগীয় এই নগরীর সড়কে পরিবেশবান্ধব ও আধুনিক ‘ইলেকট্রিক বাস’ নামানোর উদ্যোগ নিয়ে এগোচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে খুলনার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

একসময় রূপসা-শিরোমণিসহ শহরের প্রধান প্রধান রুটে শৃঙ্খলিত বড় বাস চলাচল করলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ। ফলে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ইজিবাইক, মাহেন্দ্র ও সিএনজিচালিত ছোট যানবাহনের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে যাতায়াত খরচ বাড়ার পাশাপাশি প্রধান সড়কগুলোতে তৈরি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয়ী বিদ্যুৎচালিত বাস চালু হলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। একই সঙ্গে শব্দ ও বায়ুদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণের মাধ্যমে সার্ভিসটি চালু হলে নিত্যদিনের যাত্রী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা স্বল্প খরচে নিরাপদ এবং সুশৃঙ্খল যাতায়াতের সুযোগ পাবেন।

উল্লেখ্য, দেশের সার্বিক পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় ১,৪১২টি ইলেকট্রিক বাস সংগ্রহের মেগা উদ্যোগ নিয়েছে, যার প্রথম ধাপে ২০০টি বাস দেশে আনা হবে। প্রাথমিকভাবে ঢাকা কেন্দ্রিক পরিকল্পনা থাকলেও রাজপথের দীর্ঘদিনের চাহিদা বিবেচনায় খুলনায় বাস বরাদ্দের জোরালো দাবি উঠেছে।

তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু বাস নামালেই চলবে না; এর জন্য প্রয়োজন পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, কারিগরি রক্ষণাবেক্ষণ দল এবং সর্বাগ্রে ‘রুট রেশনালাইজেশন’ বা সমন্বিত রুট ব্যবস্থাপনা। সঠিক পরিকল্পনা ছাড়া হুট করে বাস নামালে মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।

হুইপ রকিবুল ইসলাম বকুলের এই প্রশংসনীয় পদক্ষেপ দ্রুত আলোর মুখ দেখবে এবং খুলনা একটি সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে—এমনটাই এখন খুলনাবাসীর প্রত্যাশা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন