মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী আমির হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আমির হোসেন ওই গ্রামের মৃত নয়ন উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণী কুড়ানোর কাজে ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করছিলেন। এ সময় বৃদ্ধ আমির হোসেন তাকে কৌশলে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যান। বিষয়টি স্থানীয় বাসিন্দা ইয়ার আলী দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তরুণীর বাবাকে জানান।

সংবাদ পেয়ে স্বজনেরা দ্রুত অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘরের প্রধান ফটক বন্ধ পান। অনেক ডাকাডাকির পর দরজা খোলা হলে স্বজনেরা রান্নাবাড়ির ভেতর থেকে অসুস্থ অবস্থায় তরুণীকে উদ্ধার করেন।

ঘটনা জানার পরপরই কালিহাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান পরিচালনা করে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরপূর্বক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আইনি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন