সাজেকে অগ্নিকাণ্ডে গৃহবধূর বসতঘর পুড়ে ছাই

সাজেকে অগ্নিকাণ্ডে গৃহবধূর বসতঘর পুড়ে ছাই

রুপম চাকমা, দিঘীনালা : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির দুর্গম শুকনো নন্দরাম গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার (১৫ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই জনৈক গৃহবধূর বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত নেভানোর চেষ্টা করলেও ঘরটি কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় তা রক্ষা করা সম্ভব হয়নি। চোখের পলকেই আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে এবং তাদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার তাপস চাকমা। তিনি সশরীরে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত জানাতে পারেননি।

দুর্গম পাহাড়ে অসহায় এই পরিবারটিকে দ্রুত সরকারি বা বেসরকারি সহায়তা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন