ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া): পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনের টানে উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত বগুড়া-রংপুর মহাসড়কে ফিরতে শুরু করেছে হাজারো মানুষ। প্রতিবছর এই সময়ে যানজটের আশঙ্কা থাকলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও সৃষ্টি হয়নি দীর্ঘ যানজট বা ধীরগতি। স্বাভাবিক গতিতেই দূরপাল্লার বাস ও ছোট যানবাহন চলাচল করায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মহাসড়কের বনানী এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, কয়েক বছর আগের সেই চিরচেনা ভোগান্তির দৃশ্য এবার নেই। মহাসড়ক চার লেনে উন্নীত হওয়া, বিভিন্ন স্থানে ওভারপাস নির্মাণ এবং পুলিশ ও প্রশাসনের সমন্বিত তৎপরতায় যানচলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
মোকামতলা বন্দরে কথা হয় ঢাকা ফেরত যাত্রী মাসুম বিল্লাহর সঙ্গে। তিনি বলেন, “ঈদের সময় গাবতলী থেকে মোকামতলা ফিরতে ৭-৮ ঘণ্টা লেগে যেত। কিন্তু এবার কোনো যানজট ছাড়াই মাত্র সাড়ে ৪ ঘণ্টায় চলে এসেছি। এটা ভাবাই যায় না।” একই সুরে কথা বললেন বিসমিল্লাহ পরিবহনের চালক রবিউল ইসলাম। তিনি জানান, মহাসড়কের অবস্থা এখন পর্যন্ত খুবই ভালো এবং বড় ধরনের যানজট হওয়ার সম্ভাবনা কম।
এসআর পরিবহনের সুপারভাইজার আরাফাত মন্ডল জানান, ঈদের আগে মহাসড়ক এতটা ফাঁকা থাকবে তা তারা কল্পনাও করেননি। রাস্তা ভালো থাকায় চালকরা সচেতন থাকলে যাতায়াত আরও নির্বিঘ্ন হবে বলে তিনি মনে করেন।
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ বলেন, “পুলিশ সুপারের নির্দেশে আমরা যানজট নিরসন ও অবৈধ যান চলাচল বন্ধে কাজ করছি। যাত্রীরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সেজন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজার রহমান জানান, যানজট এড়াতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নির্দিষ্ট পয়েন্টে ইউ-টার্নের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা মোকাবিলায় মহাসড়কে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় উত্তরবঙ্গমুখী এই মহাসড়কে এক স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ