ভোলায় আ: লীগ নেতাদের নেতৃত্বে মাদক কারবারের অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
ভোলায় আ: লীগ নেতাদের নেতৃত্বে মাদক কারবারের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় বিপুল সম্পদ অর্জন ও মাদক কারবার পরিচালনার অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের সভাপতি মো. শিহাব উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রব হাওলাদার ও পৌর যুবদলের সভাপতি মো. হেলাল মুন্সি।

বিএনপি ও যুবদল নেতারা অভিযোগ করে বলেন, উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে কবির মাত্র সাত বছর আগেও পেশায় ট্রাকচালক ছিলেন। অথচ স্বল্প সময়ের ব্যবধানে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন এবং নিজ এলাকায় এক বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন।

একজন সাধারণ ড্রাইভার থেকে এত দ্রুত বিপুল সম্পদের মালিক হওয়ার রহস্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। একই সঙ্গে তাঁর আয়ের মূল উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি জানান তারা।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত মনিরুল ইসলাম কবির। ৩০ শতাংশ জমির ওপর বসতবাড়ি নির্মাণের কথা স্বীকার করলেও আয়ের উৎস সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে বক্তব্য তিনি দুদককে দেবেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন