রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মো. খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খয়বর হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ খয়বর হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় মামলার প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা ও আলামত পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।
এআইএল/সকালবেলা