কামড় দিয়ে হাতকড়াসহ পালালো মাদক কারবারি
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. রাজু মিয়া (২৫) নামে এক মাদক কারবারি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজু মিয়া কোবাগা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার তালতলা পুলিশ ফাঁড়ির একটি দল কোবাগা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পরানো হয়। আটককৃত আসামিকে ফাঁড়িতে নিয়ে যাওয়ার পথে তাঁর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
একপর্যায়ে হাতকড়া পরিহিত আসামি রাজু পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিনের হাতে কামড় দিয়ে কড়াসহ পালিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসীমউদ্দীনকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
এআইএল/সকালবেলা
|