মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরশ্যামাইল মুন্সিকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিরিন বেগম ওই এলাকার আলমগীর ঢালীর স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়িতে পানির মোটরের লাইনে সংযোগ দিচ্ছিলেন শিরিন বেগম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটির ওপর লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহসিন রেজা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ.আই.এল/সকালবেলা