সৈয়দপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
সৈয়দপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মো. মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নিজ হাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারা ঘাতক স্বামী সাজু খানকে গ্রেপ্তারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নৃশংস হত্যার শিকার গৃহবধূ বীথি আক্তারের দাফন শেষে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

শনিবার (১৬ মে) বিকাল ৫টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বীথির পরিবার, আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ সচেতন জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বীথি আক্তারের বাবা বাবুল হোসেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মমতা বেগম, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বাবু হোসেন, শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক সাজু খানকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সৈয়দপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বীথি আক্তার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে। ঘাতক স্বামী সাজু খান একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী জামবাড়ি এলাকার নজরুল ইসলাম চেল্লুর ছেলে। তারা ৩ বছর বয়সী সন্তানসহ নীলফামারী জেলা শহরের গাছবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

গত ৯ মে রাত ৮টায় স্বামী সাজু খান স্ত্রী বীথির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং দরজায় বাইরে থেকে তালা দিয়ে সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা টের পেয়ে অগ্নিদগ্ধ বীথিকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাঁকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মে বিকেল ৩টায় তিনি মারা যান।

এ.আই.এল/সকালবেলা