মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬শে মার্চ) উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের কর্মসূচির সূচনা হয়।

দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়ামে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, আকর্ষণীয় ডিসপ্লে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটি ঘিরে সরকারি-বেসরকারি ভবনসমূহে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়, যা পুরো উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি করে।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, স্বাধীনতার প্রকৃত অর্জনকে অর্থবহ করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে, মহান স্বাধীনতা দিবসের এমন সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর আয়োজনের জন্য মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সম্রাট হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের ভূয়সী প্রশংসায় ভাসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন