কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রস্তুতি সম্পন্ন, ঈদের জামাত সকাল ১০টায়

কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রস্তুতি সম্পন্ন, ঈদের জামাত সকাল ১০টায়

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে এবারও লাখো মুসল্লির সমাগম ঘটবে—এমন প্রত্যাশা নিয়ে মাঠের সংস্কার, ধোয়া-মোছা ও শোভাবর্ধনের কাজ শেষ করেছে জেলা প্রশাসন ও ঈদগাহ কমিটি। এবারের ১৯৯তম বৃহৎ এই ঈদ জামাতে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে।

পবিত্র ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি র‍্যাব, এপিবিএন এবং ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পুরো ময়দান সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে নজরদারিতে রাখা হবে। এছাড়া আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে বিশেষ টিম।

দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও 'শোলাকিয়া স্পেশাল' নামে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে এবং অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে। স্থানীয় সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, "শোলাকিয়া আমাদের ঐতিহ্য। আগত মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানি, ওজু এবং প্রাথমিক চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।"

প্রশাসন সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগমের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি রাখা হয়েছে। সকাল ১০টায় ঈদের প্রধান জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

ঐতিহাসিক এই ময়দানে জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ, ছাতা বা ধারালো বস্তু সঙ্গে না আনার জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

এন.এ.পি/সকালবেলা

মন্তব্য করুন