মাদকের টাকা না পেয়ে বিধবা মাকে বের করে ঘর পুড়িয়ে দিল ছেলে

মাদকের টাকা না পেয়ে বিধবা মাকে বের করে ঘর পুড়িয়ে দিল ছেলে

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক সেবনের টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। মুহূর্তের মধ্যে কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদকের জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে শহিদুল তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা ছুটে আসার আগেই আগুনের লেলিহান শিখায় সব কিছু ভস্মীভূত হয়ে যায়।

নিঃস্ব মা হেনয়ারা বেগম বিলাপ করতে করতে বলেন, "আমার বড় ছেলে ওলিউল্লাহ ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটা মাদকাসক্ত হয়ে আমাকে প্রায়ই মারধর করতো। আজ সে আমার মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও পুড়িয়ে দিল। এখন আমি কোথায় দাঁড়াবো? আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই।"

প্রতিবেশী জামির আলী জানান, শহিদুল মাদকের টাকার জন্য প্রায়ই তার মাকে নির্যাতন করতো। আমরা চাই না এভাবে আর কোনো পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, "বিষয়টি এখন পর্যন্ত আমাকে কেউ লিখিতভাবে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ.এইচ/সকালবেলা

মন্তব্য করুন