গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ডিসির আকস্মিক অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ডিসির আকস্মিক অভিযান

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। পরিদর্শনকালে বৈধ প্রত্যয়ন বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই ম্যানুয়াল বালাম বই লেখার গুরুতর অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।

ঘটনার পরপরই অননুমোদিত ও নিয়মবহির্ভূত বালাম বই লেখার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে এবং নিবন্ধন আইন ও বিধি মেনে সকল নথিপত্র সংরক্ষণের কঠোর নির্দেশনা দেন তিনি।

অভিযানকালে জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে জানান, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা অনিয়মের শিকার না হন। নথিপত্র সংরক্ষণ, দলিল নিবন্ধন ও রেকর্ড ব্যবস্থাপনায় সরকারি নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়।

উল্লেখ্য, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া ইতিপূর্বেও জেলার বিভিন্ন ভূমি অফিসে সরেজমিনে অভিযান চালিয়ে অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যা স্থানীয় সেবাগ্রহীতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

পরিদর্শনকালে গাজীপুর জেলা রেজিস্টার মো. মিজানুর রহমান, সদর সাব-রেজিস্ট্রার আব্দুল বাতেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা