কচুয়ায় ২৮ লাখের কালভার্টে নেই ওঠার পথ, ক্ষুব্ধ গ্রামবাসী
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: কালভার্ট নির্মাণের চার মাস পেরিয়ে গেলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে কালভার্ট থাকলেও তাতে ওঠার কোনো পথ নেই। এক পাশে সামান্য বালু ফেলা হলেও অন্য পাশে জমে রয়েছে হাঁটু থেকে কোমরসমান পানি। এতে বিকল্প পথ না থাকায় প্রতিদিন পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পাঁচ গ্রামের প্রায় দেড় হাজার মানুষকে।
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের কাকার বিল এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের চরম দুর্ভোগের এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মধ্যম তেলিগাতি-মালমগাছা-ব্রাহ্মণকাঠি-কাকারবিল সড়কে ২৮ লাখ ২৯ হাজার ৮০১ টাকা ব্যয়ে আরসিসি বক্স কালভার্টটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের চার মাস পার হলেও দুই পাশে মাটি ও বালু না ফেলায় সেটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।
কাকার বিল, খাড়াসম্বল, চুচড়ামারি, মালমগাছা ও বৈলতলীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই পথ ব্যবহার করেন। পাশেই প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ থাকায় স্কুলশিক্ষার্থী, শিক্ষক ও বয়স্কদের নিয়মিত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, স্কুলে যাওয়া-আসার সময় বই-খাতা ভিজে নষ্ট হচ্ছে এবং অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা মনি শিকদার বলেন, "ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। বিকল্প রাস্তাও তৈরি করা হয়নি। প্রতিদিন শিশুদের পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হচ্ছে। অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি।"
অভিযোগ স্বীকার করে ঠিকাদার মোঃ জালাল খান জানান, অসুস্থতার কারণে কাজে কিছুটা দেরি হয়েছে। দ্রুত মাটি ভরাট ও সাময়িকভাবে চলাচলের জন্য একটি সাঁকো বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এআইএল/সকালবেলা
|