সরিষাবাড়ীতে আবাসিক মিটারে বাণিজ্যিক সার্ভার, রাজস্ব ফাঁকির অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে আবাসিক মিটারে বাণিজ্যিক সার্ভার, রাজস্ব ফাঁকির অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে দীর্ঘ ১১ বছর ধরে বাণিজ্যিকভাবে ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এতে দীর্ঘদিন ধরে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

জানা গেছে, শিমলা বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় বিটিআরসি অনুমোদিত ‘হীরা ইলেকট্রনিক্স অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রতিষ্ঠানের ডিস ও ইন্টারনেট ব্যবসার কন্ট্রোলরুম ও সার্ভার পরিচালিত হচ্ছে। কৌশিক দে সরকারের নামে থাকা একটি আবাসিক বিদ্যুৎ সংযোগের (গ্রাহক নং-৭৩৬১৪২০৪, মিটার নং-৩৭০৪৬০, হিসাব নং-৮৯২১, ট্যারিফ-এ) মাধ্যমে এই বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে। তিন কক্ষের এই সার্ভার ও কন্ট্রোলরুমে একাধিক এসি, আইপিএস, কম্পিউটার, টিভি, ফ্যানসহ বিভিন্ন ভারী বৈদ্যুতিক সরঞ্জাম এবং ছাদে নেটওয়ার্ক টাওয়ারের ডিভাইস ব্যবহৃত হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক কৌশিক দে সরকারের ছোট ভাই সৌভিক দে সরকার সত্যতা স্বীকার করে বলেন, মিটারটি আবাসিক এবং বাসা থেকে এনে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে—যা পিডিবির অনেকেই জানেন। তিনি দাবি করেন, পিডিবির লোকেরা ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করেন বলেই তারা আবাসিক মিটারে এই বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেই এমন অনিয়ম সম্ভব হয়েছে।

সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াদুদ আলী জানান, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে কেবল সংযোগ পরিবর্তন নয়, বিগত ১১ বছরের প্রকৃত বাণিজ্যিক বিল খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন