সোনাগাজীতে ভিমরুলের কামড়ে আহত শিশুর মৃত্যু
সকালবেলা অনলাইন: ফেনীর সোনাগাজীতে ভিমরুলের কামড়ে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহের জাহান তাসনিয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। পরে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত মেহের জাহান তাসনিয়া সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম ছাড়াইতকান্দি গ্রামের চৌকিদার বাড়ির নুরুল আলম মামুনের মেয়ে।
নিহত শিশুর বাবা নুর আলম মামুন জানান, গত শনিবার (৮ আগস্ট) বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলার সময় হঠাৎ একদল ভিমরুল তাসনিয়াকে আক্রমণ করে এবং শরীরজুড়ে কামড়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হলেও পরদিন রোববার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
এআইএল/সকালবেলা
|