লাখো মানুষের দরুদ ও তাকবিরে মুখরিত চট্টগ্রাম
ভোর থেকেই হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা ও জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি নগরের ষোলশহরে সমবেত হতে থাকেন।
আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকালে ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বের হয় ঐতিহাসিক ও বর্ণাঢ্য ৫৬তম জশনে জুলুস।
এবারের জুলুসে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন আওলাদে রাসুল (সা.) আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিন আহমদ শাহ।
সকাল ১০টায় জামেয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার ও টাইগার পাস প্রদক্ষিণ করে পুনরায় একই পথে ফিরে এসে মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয়। জুলুসের পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, শরবত ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা।
জুলুস শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ বলেন, “প্রিয় নবীর আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ ও শুকরিয়া আদায় করা কুরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। আল্লাহ তায়ালা নিয়ামত প্রাপ্তিতে আনন্দ প্রকাশ তথা ঈদ উদযাপনের নির্দেশ দিয়েছেন। বিশ্বজগতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। জশনে জুলুস একটি সম্পূর্ণ সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচি, যেখানে কুরআন তিলাওয়াত, নাতে রাসুল পাঠ ও নবীর পবিত্র সীরাত আলোচনা করা হয়।”
অনুষ্ঠানে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ শামসুদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঐতিহাসিক এই জশনে জুলুসকে কেন্দ্র করে নগরজুড়ে ছিল কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যান চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করায় বড় কোনো যানজট ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এই মহা আয়োজন।
|