সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মরহুমের ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেলের ব্যক্তিগত সহকারী হাবিব খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে রহমান কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাইয়ের ধুম ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে লাহোর থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের লাহোর শাখার সভাপতি ছিলেন। ১৯৭০-এর নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গেরিলা যুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে তার এই অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয়।

তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে ১২টি মামলা হয় এবং তিনি কারাবরণ করেন। পরবর্তীতে অসুস্থতা বিবেচনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান।